তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
তবে এই ঐতিহাসিক মুহূর্তে রাজনীতির চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে একটি ব্যক্তিগত প্রশ্ন — শপথমঞ্চে কেন ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান, আর কোথায় ছিলেন স্ত্রী সঙ্গীতা?
রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে জমকালো আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেন।
তবে সবার চোখ আটকে যায় তৃষা কৃষ্ণানের উপস্থিতিতে। হালকা সবুজ শাড়ি ও সোনালি নকশার ব্লাউজে মার্জিত পোশাকে অনুষ্ঠানে আসেন তিনি। ভেতরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে বলেন, এই মুহূর্তটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তিনি।
অন্যদিকে এই গুরুত্বপূর্ণ দিনে বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম ছিলেন সম্পূর্ণ অনুপস্থিত। দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনের পর এ বছরের শুরুতেই সঙ্গীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেন আদালতে।
আবেদনে তিনি বিশ্বাসঘাতকতা, মানসিক যন্ত্রণা ও অবহেলার অভিযোগ তোলেন। সঙ্গীতার আইনজীবী জানিয়েছেন, পারস্পরিক সমঝোতায় মর্যাদাপূর্ণভাবে সম্পর্ক ছেদ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা ফলপ্রসূ হয়নি।
বিচ্ছেদের আবেদনে সঙ্গীতা উল্লেখ করেছেন যে বিজয়ের জীবনে অন্য একজন নারীর অস্তিত্ব রয়েছে। নাম সরাসরি না বললেও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে এটি তৃষা কৃষ্ণানকে ইঙ্গিত করে। এর মধ্যেই শোনা যাচ্ছে, আইনি জটিলতা এড়াতে বিজয় স্ত্রী ও দুই সন্তানের জন্য ২৫০ কোটি রুপি খোরপোশ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
তামিল সিনেমায় একসঙ্গে বহু ছবিতে কাজ করা বিজয়-তৃষা জুটিকে ঘিরে গুঞ্জন অনেক দিনের। বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে।
আজকের শপথ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি সেই পুরনো গুঞ্জনকে নতুন করে উসকে দিয়েছে। রাজনীতির মঞ্চে নতুন যাত্রা শুরু হলো বিজয়ের, আর সেই যাত্রার প্রথম দিনেই ব্যক্তিগত জীবনের জটিলতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন তিনি।
