মোহনগঞ্জের কৃতি সন্তান, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রইস মনরমকে সম্মাননা স্মারক প্রদান করেছে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম।
সাহিত্য ও সংস্কৃতিতে দীর্ঘদিনের অবদান এবং সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রইস মনরম বাংলা কবিতার একজন পরিচিত কণ্ঠ। তাঁর কাব্যচর্চায় গ্রামীণ জীবন, প্রকৃতি, মানবিক অনুভূতি, প্রেম-বিরহ এবং সমাজবাস্তবতার নানা অনুষঙ্গ উঠে এসেছে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘মেঘের কঙ্কাল’ পাঠকমহলে প্রশংসিত হয়েছে।
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যোৎসবে ‘গুণীজন সম্মাননা’ লাভ করেন তিনি।
সম্মাননা গ্রহণ করে রইস মনরম বলেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে সাহিত্য ও সংস্কৃতির জন্য আরও বেশি কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তিনি এ সম্মাননাকে নিজের নয়, বরং সাহিত্যপ্রেমী মানুষের ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের নেতারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে কবি রইস মনরমকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
কবি রইস মনরমের এ অর্জনে মোহনগঞ্জসহ বৃহত্তর নেত্রকোনা অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিমনা মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
