বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রথম সমাচার ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর ও টাই-ইন কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সংশ্লিষ্ট এলাকার আবাসিক ও বাণিজ্যিক—সব ধরনের গ্রাহক সাময়িকভাবে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন। এছাড়া আশপাশের কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে বলেও জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

কাজের কারণে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতা ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...