মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

‘ব্যাডটাচ হোক বা গুডটাচ, আমার তো ব্যথা লেগেছে’: শামছুন্নাহার

Icon প্রথম সমাচার ডেস্ক

আইনি ঝামেলা যেন পিছুই ছাড়ছে না চিত্রনায়িকা শামছুন্নাহার বেগম (পরীমনির)! টানছেন একাধিক মামলার বোঝা! কখনো মাদক, আবার কখনো মারধর; বিভিন্ন অভিযোগ-মামলার ভিত্তিতে প্রায়ই কাঠগড়ায় বিচরণ তার।

কিছুদিন আগেই, গত ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের এক মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন পরীমনি। কিন্তু সেখানে গিয়েও তাকে নিয়ে তৈরি হয় বিতর্ক। এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, তাকে টেনে নেওয়া এবং এমনকি মারধরের অভিযোগ ওঠে নায়িকার বিরুদ্ধে। পরীমনির দাবি, সেই সাংবাদিক তাকে ব্যাডটাচ করেছিলেন। এর জেরে সেই সাংবাদিকের প্রতি মেজাজ হারান, করেন অকথ্য ভাষা ব্যবহার।

তিনি বলেন আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে যান পরীমনি। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেদিনের ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী।

পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এরকম করে যে- আমি কিন্তু সাংবাদিক, তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। উচ্চ আদালত তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com