রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামে সংঘর্ষ, আহত অন্তত ২৫

প্রথম সমাচার ডেস্ক ১৬ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার সদর ও চুন্টা ইউনিয়নের কয়েকটি এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল সদর ইউনিয়নের আলিনগর গ্রামের এক মাইক্রোবাসচালক পাঠানপাড়া এলাকায় রাস্তা ফাঁকা করতে গাড়ির হর্ন বাজান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাতের দিকে পাঠানপাড়া ও আলিনগর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পাশের আরও কয়েকটি এলাকার লোকজনও এতে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকজন আহত হন।

অন্যদিকে একই রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে পূর্ববিরোধ ও মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এতে অন্তত ১৫ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...