শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ভাইরাল হওয়াকে ঘিরে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতির মুখে ঢাবি শিক্ষক

প্রথম সমাচার ডেস্ক ২৩ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত একাধিক সদস্যের তথ্য অনুযায়ী, অধ্যাপক তাশরিক-ই-হাবিবের একাডেমিক দায়িত্ব সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

সম্প্রতি তিনি বিভিন্ন জনপ্রিয় গানের পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন। তার প্রকাশিত ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করলে প্রশংসা ও সমালোচনা দুটোকেই স্বাভাবিকভাবে গ্রহণ করতে হয়। তার মতে, ইতিবাচক কিংবা নেতিবাচক—উভয় ধরনের প্রতিক্রিয়াই কনটেন্টের প্রসার বাড়াতে ভূমিকা রাখে।

তিনি জানান, গানভিত্তিক কনটেন্ট প্রকাশের পর তার ফেসবুক পেজে দর্শক ও অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া কনটেন্ট নির্মাণের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক ক্রিয়েটর ব্যাজও অর্জন করেছেন।

সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, নতুন কোনো উদ্যোগের শুরুতে বিরূপ প্রতিক্রিয়া আসতেই পারে। তাই সমালোচনায় নিরুৎসাহিত না হয়ে কাজের মান উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। শেষ পর্যন্ত কনটেন্টের গ্রহণযোগ্যতা নির্ধারণের দায়িত্ব দর্শকদের ওপরই নির্ভর করে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...