শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ভারতে ককরোচ পার্টির প্রথম বিক্ষোভ — জনতার ঢল

আন্তর্জাতিক প্রথম সমাচার ০৬ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিক্ষাক্ষেত্রে ব্যাপক অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে শনিবার রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করেছে সোশ্যাল মিডিয়াভিত্তিক যুব আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

NEET-UG 2026 প্রশ্নপত্র ফাঁস ও CBSE দ্বাদশ শ্রেণির উত্তরপত্র মূল্যায়নে কথিত অনিয়মকে কেন্দ্র করে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সরাসরি মঞ্চে নেতৃত্ব দেন। বিশিষ্ট শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুকও হাতে গোলাপ নিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। বিক্ষোভস্থলে ছাত্র-যুবকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

সিজেপির জন্ম হয়েছিল ২০২৬ সালের মে মাসে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায়।

শুনানিতে বেকার যুবকদের ‘ককরোচ’ বলে আখ্যা দেওয়া হলে তরুণরা সেই শব্দকেই ব্যঙ্গাত্মক প্রতীকে পরিণত করে এই আন্দোলন গড়ে তোলেন। মাত্র কয়েক সপ্তাহে সংগঠনটি ইনস্টাগ্রামে দুই কোটিরও বেশি অনুসরণকারী অর্জন করে।

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং বিমানবন্দর, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়।

শনিবারের এই কর্মসূচিকে মোদি সরকারের বিরুদ্ধে সিজেপির প্রথম সরাসরি রাজপথের আন্দোলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...