নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির উপকর্মসংস্থান-বিষয়ক সম্পাদক বশিরকে কুপিয়ে দুই হাত ও পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলার সীমান্তবর্তী একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটেছে।
বশিরকে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনির হোসেনের ছেলে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ। জানান, ঘটনাটি ঘটেছে সদর থানা এলাকার শেষ সীমানা থেকে সিংগাইর থানা এলাকার প্রায় ২০০ গজের মধ্যে। তবে কারা, ঠিক কী কারণে তার ওপর এভাবে হামলা করেছে, সেটি তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এদিন দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করা হয়েছে।
এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ জানান, বশিরকে তার বন্ধুরাই কুপিয়েছেন বলে জানতে পেরেছেন তারা। রাতে ইটভাটায় কার সঙ্গে এবং কেন গিয়েছিলেন বশির, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয়ভাবে আলোচনা রয়েছে, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হয়তো বিরোধের কারণে এমনটা হয়েছে। কিন্তু নিষিদ্ধ সংগঠনটি বিএনপি বা ছাত্রদলের নাম জড়িয়ে গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন আব্দুল খালেক শুভ।
এ ঘটনায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে, হামলাকারীরা বশিরের পরিচিত ও বন্ধু। তাদের বাড়িও সদর উপজেলায়। কেন, কীভাবে বশিরকে ইটভাটায় নেয়া হয়েছিল, সেখানে কারা ছিল এবং হামলার উদ্দেশ্য কী, সব তদন্ত করা হচ্ছে।

সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ: মীর হেলাল