মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপের পর থেকে এ পর্যন্ত মোট ৫৭টি বাণিজ্যিক জাহাজকে গন্তব্য পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে এবং তিনটি জাহাজকে সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়েছে।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, এই অবরোধ কার্যকর করতে বর্তমানে আরব সাগরে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এগুলো হলো ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস মেসন।
এই অবরোধের ফলে ইরানের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ-যোগাযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহেও এর প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, আরব সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ, যেখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন করা হয়।
