মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

মির্জাপুরে আ.লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মির্জাপুর পৌর বিএনপি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাসস্ট্যান্ডের গোল চত্বরে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে নাশকতা, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসিন, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আলী আজম ছিদ্দিকীসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com