শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

মুন্সীগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু, সড়ক থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ

প্রথম সমাচার ডেস্ক ২৫ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শাহাদাত (২৭)।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকার মত্তগ্রাম সড়ক থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন চুরির অভিযোগে বুধবার গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। পরে স্থানীয় কয়েকজন তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর পড়ে থাকা মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, চুরির অভিযোগে স্থানীয় লোকজন শাহাদাতকে আটক করে মারধর করেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা ছিল বলে তথ্য রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করার কথা জানিয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...