প্রথম সমাচার ডেস্ক:
বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় করা মামলায় তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলার ১০৯ নম্বর আসামি এস এম গোলাম কিবরিয়া ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। তিনি মুরইল ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ছিলেন।
গত ২৫ নভেম্বর রাতে কাহালু উপজেলার সাবানপুর গ্রামের মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাতনামা।
নাম প্রকাশ না করার শর্তে গোলাম কিবরিয়ার এক আত্মীয় বলেন, ‘আমার চাচা ২০২৩ সালে মারা গেছেন। তার মৃত্যুর পর ইউনিয়নজুড়ে মাইকিংও হয়েছিল। এরপরও আজ তাকে মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় আমরা অবাক হয়েছি।’
এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলা রেকর্ড হওয়ার পর যাচাই-বাছাই করে আমরা জানতে পেরেছি, এস এম গোলাম কিবরিয়া মারা গেছেন। আমরা তার মৃত্যুর সনদ সংগ্রহ করে আদালতকে অবহিত করেছি।
গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ ৩০৫ জনকে আসামি করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
