প্রথম সমাচার ডেস্ক:
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের পথচলা শেষ হলেও আর্জেন্টিনার সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হয়ে যাবে, এমনটা মনে করেন না লিওনেল স্কালোনি। বরং সাবেক অধিনায়ককে নতুন ভূমিকায় জাতীয় দলে দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। মেসি চাইলে তাকে নিজের কোচিং স্টাফে স্বাগত জানাতে প্রস্তুত আর্জেন্টিনা কোচ। যদিও বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে সোমবার (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন স্কালোনি। বিশেষ করে ২০৩০ বিশ্বকাপে আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য হিসেবে দেখা যেতে পারে কি না, সেটিই জানতে চাওয়া হয় তার কাছে।
জবাবে প্রথমেই মেসির খেলোয়াড়ি জীবন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান স্কালোনি। তার বিশ্বাস, জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে আরও অনেক বছর খেলার সামর্থ্য রয়েছে আর্জেন্টাইন মহাতারকার।
স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলের হয়ে আর খেলবে না বলে জানিয়েছে। তবে ফুটবলার হিসেবে যত দিন সম্ভব খেলে যাক, সেটাই চাই।’
এরপরই মেসিকে কোচিং স্টাফে নেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন আর্জেন্টিনা কোচ। জানিয়ে দেন, ভবিষ্যতে মেসি এমন কোনো দায়িত্ব নিতে চাইলে তার কোনো আপত্তি থাকবে না। তবে কথাটি বলতে গিয়ে দীর্ঘদিনের সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের বিদায়ের প্রসঙ্গ টেনে রসিকতাও করেন তিনি।
স্কালোনি বলেন, ‘সে এখানে আসতে চাইলে কোনো সমস্যা নেই। এখন যেহেতু ওয়াল্টার (স্যামুয়েল) থাকছে না, তাহলে আসুক!’
মন্তব্যটি করার সময় হাসছিলেন স্কালোনি। ফলে এটিকে আনুষ্ঠানিক প্রস্তাবের পরিবর্তে মেসির প্রতি তার আন্তরিকতা ও রসিকতা হিসেবেই দেখছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো। মেসিকে কোচিং স্টাফে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
স্কালোনির এমন মন্তব্যের পেছনে অবশ্য বাস্তব একটি কারণ রয়েছে। দীর্ঘদিনের সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। ২০১৮ সাল থেকে স্কালোনির সঙ্গে কাজ করা সাবেক এই ডিফেন্ডার এবার নিজেই প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান।

আ. লীগের নাশকতায় ‘দৃশ্যমান কিছু করব, সরকার তো সে সুযোগটা দিচ্ছে না: জামায়াত
লন্ডনে এনসিপি নেতা নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় হুইপ দুলুর তীব্র নিন্দা