শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

‘যাদের রাজনীতির জন্ম চাঁদার টাকায়, তারাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে’: সংসদ সদস্য

Icon প্রথম সমাচার ডেস্ক

জামায়াতে ইসলামী নির্বাচনে জয়লাভ করতে না পেরে দিশাহারা হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, যাদের রাজনীতির জন্মই হয়েছে চাঁদার টাকায়, তারাই আজ বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না।

মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় এনসিপির সমালোচনা করে খোকন তালুকদার বলেন, বর্তমানে এনসিপির নেতৃত্বে থাকা কিছু ব্যক্তিও বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তারা প্রধানমন্ত্রীকে নিয়েও নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। অথচ তাদের অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যাবে, একসময় তারা আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন। এখন তারাই আওয়ামী লীগের বিরোধিতা করছেন। একই সঙ্গে বিএনপিকেও ছোট করার চেষ্টা করছেন।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তার জবাব জনগণই দেবে। দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর অতীত কর্মকাণ্ড ও বর্তমান ভূমিকা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, ডাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ এবং ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার।

এছাড়া, অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com