রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

যুবদল নেতাকে কুপিয়ে জখম, আ. লীগের সাবেক এমপিসহ ৯ জনের বাড়িতে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা একত্র হয়ে প্রথমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য (এমপি) আহমদ হোসেন ও দলটির উপজেলা যুগ্ম আহ্বায়ক আমানুর রশিদ খান জুয়েলের বাড়িসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে সাবেক এমপিসহ এসব বাড়িতে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ছাত্রলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে নেতাকর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা থেকে বের হন। তারা বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী, সরিশতলা ও পুটিকা বাজার এলাকায় যান। পুটিকা বাজারে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় আবু বকর রানার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয় লোকজন আবু বকর রানাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা একত্র হয়ে রাত ১০টার দিকে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুর করা হয়। আমজাদ হোসেন ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের বাবা।

রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত একই ইউনিয়নের বাদে পুটিকা গ্রামে আওয়ামী লীগের পূর্বধলা উপজেলা কমিটির সদস্য আবুল বাশার খানের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খানের বাট্টার গ্রামের বাড়ি, একই গ্রামে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়ি এবং আগিয়া গ্রামে ময়মনসিংহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (সাচিপ) সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাক্তার অয়াহিদুর রহমান ছোটনের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

পূর্বধলা থানার ওসি বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এই ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com