রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

যুবলীগের বিরুদ্ধে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবু বকর রানার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে, যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে পূর্বধলায় উত্তেজনা দেখা দেয়। তবে হামলার কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তবে পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের যুবদল নেতা আবু বকর রানার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com