শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

যেসব কলেজে ভর্তি না হতে নির্দেশনা দিলো শিক্ষা মন্ত্রণালয়

Icon প্রথম সমাচার ডেস্ক

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে অনুমোদন বা স্বীকৃতিবিহীন কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি না হওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠানের অননুমোদিত ক্যাম্পাস বা শাখা এবং অননুমোদিত বিষয়ে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না বলেও সতর্ক করা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর এবং তা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে, স্থাপনের অনুমতি থাকলেও পাঠদানের প্রাথমিক অনুমতি নেই এমন কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই ছাত্রছাত্রী ভর্তি করাতে পারবে না। এছাড়া পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের অননুমোদিত ক্যাম্পাস বা শাখায় এবং অননুমোদিত কোনো বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা যাবে না বলেও নীতিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের অনুমোদন, স্বীকৃতি, ক্যাম্পাস ও পঠিত বিষয়গুলোর বৈধতা যাচাই করে নেওয়ার জন্য। নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের সব কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে এবার একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে নীতিমালায় জানানো হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com