প্রথম সমাচার ডেস্ক:
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল দেড় হাজার শয্যার এই হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন চার হাজারের বেশি রোগী। ধারণক্ষমতার প্রায় তিন গুণ রোগীর চাপে ওয়ার্ডগুলোতে তিল ধারণের জায়গা নেই। প্রবেশপথের বারান্দা, করিডর, এমনকি টয়লেটের পাশেও জায়গা নিয়ে থাকতে হচ্ছে রোগীদের। এর মধ্যে শয্যা ও মেঝেতে জায়গা পেতে টাকা নেওয়া, প্রয়োজনীয় ওষুধ না পাওয়া, পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে পাঠানো এবং নার্স-আয়াদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনেরা।
সরেজমিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া গেছে। তাদের ভাষ্য, রংপুর বিভাগের আট জেলা থেকে প্রতিদিন হাজারো মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ, যাদের বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, তারাই সরকারি এই হাসপাতালের ওপর নির্ভরশীল। কিন্তু ভর্তি হওয়ার পর থেকেই তাদের নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
রোগী ও স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে যাওয়ার পর শয্যা পেতে দিতে হয় এক হাজার টাকা ঘুষ। ওয়ার্ডের ভেতরে মেঝেতে থাকার জায়গা পেতে দিতে হয় ৫০০ টাকা। আবার মেঝেতে বিছানা, বালিশ ও চাদর পেতে নিতে দিতে হয় ২০০ থেকে ৩০০ টাকা। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় একটি সিন্ডিকেট এসব টাকা আদায় করছে। টাকা দিতে না পারলে রোগীদের থাকতে হচ্ছে ওয়ার্ডের প্রবেশপথের বারান্দা ও করিডরে। সেখানে মানবেতর পরিবেশে দিন কাটাতে হচ্ছে তাদের।
শুধু জায়গা পাওয়া নয়, চিকিৎসাসেবা নিয়েও অভিযোগ রয়েছে রোগীদের। তাদের ভাষ্য, চিকিৎসকেরা এসে ব্যবস্থাপত্র দিলেও প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হয় না। অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্যও পাঠানো হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতালের আশপাশে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের সঙ্গে কর্মচারীদের কমিশন-বাণিজ্য রয়েছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। অন্যদিকে নার্স ও আয়াদের ডাকলেও অনেক সময় পাওয়া যায় না; পাওয়া গেলেও তাদের কাছ থেকে দুর্ব্যবহার সহ্য করতে হয় বলে অভিযোগ রোগীদের।
মেডিসিন ওয়ার্ডে ভর্তি পঞ্চগড়ের বোদা উপজেলার বাসিন্দা রহমান আলী বলেন, কিডনির সমস্যা ও পিত্তথলির ব্যথাসহ নানা জটিলতা নিয়ে তিনি তিন দিন ধরে হাসপাতালে ভর্তি। চিকিৎসকেরা এসে ব্যবস্থাপত্র দিলেও হাসপাতাল থেকে কোনও ওষুধ দেওয়া হচ্ছে না। বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। প্যাথলজিক্যাল পরীক্ষাও বাইরে করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
রহমান আলী বলেন, ‘একটি ছাগল বিক্রি করে ১০ হাজার টাকা নিয়ে এসেছি। এই টাকা শেষ হয়ে গেলে বিনা চিকিৎসায় বাড়িতে চলে যেতে হবে।’
গাইবান্ধার সাঘাটা থেকে আসা মোমেনা বেগমের অভিযোগ, চিকিৎসকেরা ওয়ার্ডে এলেও নার্স ও আয়াদের অনেক সময় খুঁজে পাওয়া যায় না। ডাকলে তারা খারাপ ব্যবহার করেন। কখন কোন ওষুধ খেতে হবে, তা জানাতেও কেউ এগিয়ে আসেন না। এখানে চিকিৎসা দেওয়ার নামে চরম নৈরাজ্য ও অরাজকতা চলছে।
শিশু ওয়ার্ডে নীলফামারীর ডিমলা থেকে আসা রোকসানা বেগম তার যমজ দুই সন্তানকে নিয়ে ভর্তি রয়েছেন। তিনি বলেন, একটি শয্যায় তিন শিশুকে থাকতে হচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। হাসপাতাল থেকে কোনও ওষুধ দেওয়া হয় না, সব বাইরে থেকে কিনে আনতে হয়। নার্স ও আয়াদের আচরণেও তারা অসন্তুষ্ট। তার অভিযোগ, হাসপাতালে প্রতিটি পদে পদে টাকা দিতে হয়। পুরো হাসপাতাল দালাল ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। কারা হাসপাতালের কর্মচারী আর কারা দালাল, তা বোঝার উপায় নেই।
ঠাকুরগাঁও থেকে চিকিৎসা নিতে আসা রমজান আলী বলেন, হাসপাতালের চিকিৎসাসেবায় যে অনিয়ম ও অব্যবস্থাপনা চলছে, তা দূর করতে কঠোর নজরদারি প্রয়োজন। দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুল মোকাদ্দেম বলেন, হাসপাতালে প্রয়োজনীয় জনবলের সংকট রয়েছে। শয্যাসংখ্যার প্রায় তিন গুণ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। এ কারণে নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তবে রোগীদের অভিযোগ করা অনিয়মগুলো তদন্ত করে দেখা হবে।
রোগী ও তাদের স্বজনদের দাবি, হাসপাতালের শয্যা-বাণিজ্য, ওষুধ সরবরাহে ঘাটতি, দালালচক্র ও অন্যান্য অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনে দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
সূত্র: মূল প্রতিবেদন
