রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

রাজধানীতে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী আটক

প্রথম সমাচার ডেস্ক ২২ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২২ মে) ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকা এবং একই দিনে দুপুরে ধানমন্ডি-৩২ এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয় বলে সন্ধ্যায় ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনসংলগ্ন ফুল মার্কেটের সামনে একটি দল ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্র (২৭) সহ আরও পাঁচজন।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জুমার নামাজের পর দুপুর আনুমানিক ২টায় ধানমন্ডি-৩২ এলাকায় অভিযান চালায় ধানমন্ডি থানা পুলিশ। এ সময় ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মো. মুরাদসহ মোট ২৬ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, তারা সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। দুই থানার পৃথক অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...