প্রথম সমাচার ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। এতে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তার কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন।
ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে নাম জানতে চান। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাকে কান ধরতে বলেন ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ গিয়ে তাকে সেখান থেকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ধানমন্ডি ২৭ নম্বরে শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে।
সূত্র: মূল প্রতিবেদন
