বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

মায়ের স্বপ্ন পূরণে নববধূকে হেলিকপ্টারে বাড়ি আনলেন ফ্রান্সপ্রবাসী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মায়ের একটি স্বপ্ন ছিল, ছেলে বিয়ে করে একদিন হেলিকপ্টারে চড়ে নববধূকে বাড়িতে নিয়ে আসবে। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই মারা যান মা। তবে মায়ের সেই ইচ্ছার কথা ভুলে যাননি ছেলে। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে বাড়িতে এনে মায়ের অপূর্ণ স্বপ্ন পূরণ করেছেন ভোলার বোরহানউদ্দিনের ফ্রান্সপ্রবাসী যুবক মো. শাহিন ফকির।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে নববধূকে নিয়ে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ফকিরকান্দি গ্রামের বাড়িতে পৌঁছান শাহিন। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন। নবদম্পতিকে স্বাগত জানান পরিবারের সদস্য ও স্বজনেরা।

শাহিন ফকির ওই গ্রামের সর্দার বাড়ির মো. সিরাজের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন। সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নকট টাওয়ারে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তিনি। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে বাড়িতে আনার ইচ্ছা ছিল শাহিনের। একই স্বপ্ন দেখেছিলেন তার মা মিনারা বেগম।

শাহিনের বাবা সিরাজ জানান, তার স্ত্রী মিনারা বেগমের ইচ্ছা ছিল, ছেলে বিয়ে করে একদিন হেলিকপ্টারে নববধূকে বাড়িতে নিয়ে আসবে। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তিনি মারা যান। মায়ের ইচ্ছার কথা মনে রেখেই শাহিন নববধূকে হেলিকপ্টারে করে বাড়িতে এনেছেন। ছেলের এমন উদ্যোগে পরিবারের সবাই আনন্দিত।

নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’

স্থানীয় বাসিন্দা শরীফ জানান, হেলিকপ্টারে নববধূর আগমন তাদের জন্য আনন্দের বিষয়। এমন দৃশ্য আগে কখনো দেখেননি তারা। নবদম্পতিকে একনজর দেখতে এবং হেলিকপ্টার দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাব আলী বলেন, হেলিকপ্টার অবতরণের স্থানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com