প্রথম সমাচার ডেস্ক:
রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, বাস ও রেললাইনে আগুন, পুলিশের স্থাপনায় হামলা, সড়ক অবরোধ এবং ফাঁকা গুলির ঘটনায় দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত অন্তত ২১ জেলায় এসব সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে তিনজন বিএনপির নেতা এবং একজন বাসের হেলপার।
বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিলে হামলার ঘটনায় দুই নেতা নিহত হন। তাঁরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও গোয়েন্দা সংস্থার সূত্রের দাবি, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতার পরিকল্পনার তথ্য রয়েছে তাদের কাছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নাশকতার ছক কষছেন বলে গোয়েন্দাদের ধারণা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের একাধিক কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বাসে আগুন, প্রাণ গেল হেলপারেরপিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বুধবার ভোর ৪টার দিকে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাহক পরিবহনের বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের (২৫) দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে। ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার রাতে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার ঘটনায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) নিহত হন। একই সময় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
গোপালগঞ্জে হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় হামলাগোপালগঞ্জ শহরে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার পর পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্রসহ মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকটি বহর লঞ্চঘাট এলাকায় জড়ো হয়ে স্লোগান দেয়।
একই সময়ে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে হামলাকারীরা হাসপাতালের নিচতলার প্যাথলজি বিভাগ, অভ্যর্থনাকক্ষ ও সংসদ সদস্যের ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করে। পরে আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। হাসপাতাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

ঘুম ভাঙার আগেই সিলিন্ডারের আগুনে ঝলসে গেল শিশুসহ ৫ জন