সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

রাতে শপথ, তবে আজ শপথ নিতে পারছেন না নুসরাত তাবাসসুম

প্রথম সমাচার ডেস্ক ০৩ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজ রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নিচ্ছেন।

তবে একই তালিকায় থাকার কথা থাকলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম আজকের এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তার নামে গেজেট আজ প্রকাশিত হচ্ছে না, আগামীকাল সোমবার প্রকাশ পেতে পারে।

এই পরিস্থিতির পেছনে রয়েছে একটি দীর্ঘ আইনি জটিলতা। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়ায় নির্বাচন কমিশন সেটি বাতিল করে দেয়।

এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে শনিবার (২ মে) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তবে পথে আরেকটি বাধা তৈরি হয়েছে। একই আসনের দাবিদার মনিরা শারমিনের আপিলের শুনানি আজ রোববার হওয়ার কথা রয়েছে। তাই আদালতের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। এই অনিশ্চয়তার মধ্যেই গেজেট প্রকাশ আটকে থাকায় আজকের শপথ অনুষ্ঠানে নুসরাত তাবাসসুমের অংশগ্রহণ সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

এর মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন রয়েছেন। নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ হলে ৫০তম সদস্য হিসেবে সংরক্ষিত নারী আসনের পূর্ণ তালিকা সম্পন্ন হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণতা পাবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...