প্রথম সমাচার ডেস্ক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা নেওয়া হবে।
সম্প্রতি রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০-এর বেশি আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৩ বা ২০২৪ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ (অথবা সমতুল্য গ্রেড) পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে সম্মিলিতভাবে ন্যূনতম জিপি ১৩.০০ থাকতে হবে। তবে এই তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ পাওয়া বাধ্যতামূলক।
জিসিই ‘ও’ এবং ‘এ’ লেভেল থেকে পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ২০২৫ সালের নভেম্বর বা তার পরবর্তী সময়ে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।

গোপালপুরে বিসিডিএসের ঝাওয়াইল ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
গোপালগঞ্জে বিএনপি এমপির অফিসে ভাঙচুর, আসবাবপত্রে আগুন