শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

‘রোডের মধ্যে ফেলায়ে খুঁচব’, সাংবাদিককে যুবদল নেতার হুমকি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদে দলীয় পদ ও পদবি লেখাকে কেন্দ্র করে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এক যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ভুক্তভোগী সাংবাদিক চিরিরবন্দর থানায় জিডি করেন।

এর আগে, একইদিন দুপুরে চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিককে হুমকি দেন ওই যুবদল নেতা।

অভিযুক্ত যুবদল নেতার নাম সালেহীন সুলতান লিটন; তিনি অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক আজকের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি মো. ইমরান আলী।

সাংবাদিক ইমরান আলীকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে যুবদল নেতা সালেহীন ও সাংবাদিক ইমরান আলীকে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। ভিডিওতে সালেহীনকে বলতে শোনা যায়, ‘ওখানে কেউ গেছিল যুবদলের? ওর (অমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমান) জমি আছে, ও গেছে। ওর নাম দিবা, ওর পদবি দিছ কেন? নিজেকে খুব সেয়ানা মনে করো?’ একপর্যায়ে তিনি বলেন, ‘একবারে ফাটায় ফেলব! সময়মতো, জায়গামতো ফাটায় ফেলব। রোডের মধ্যে ফেলায়ে খুঁচব।’

জবাবে সাংবাদিক ইমরানকে উচ্চ স্বরে বলতে শোনা যায়, ‘কোথায় লিখছি দেখান… ফাটায় ফেলবেন? ফেলেন, আমাকে ধমক দেবার আপনি কে?’

জানা গেছে, চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা মেরিনা আক্তার, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমানসহ কয়েকজনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। গত বুধবার দুপুরে জাহানুর ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে থাকা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ‘চিরি নদী’ নামের একটি ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দলীয় পদ-পদবি উল্লেখ থাকার অভিযোগে সাংবাদিকের সঙ্গে সালেহীনের বাগ্‌বিতণ্ডা হয়।

ভুক্তভোগী সাংবাদিক ইমরান আলী বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে অমরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামীম সরকার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোবাইল ফোনে আমাকে চিরিরবন্দর উপজেলা চত্বরে ডেকে নেন। সেখানে স্বাভাবিকভাবে কথা চলার একপর্যায়ে অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহীন সুলতান এসে আমাকে হুমকি দিতে শুরু করেন। রাস্তায় ফেলে পিষে মারার হুমকি দেন।’

যুবদল নেতা সালেহীন সুলতান বলেন, ‘জমিজমার বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। অথচ প্রকাশিত সংবাদে যুবদল নেতার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়েই জানতে চাইছিলাম তার কাছে। সেখানে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। কথা-কাটাকাটিতে উচ্চ স্বরে কথা হয়েছে, তবে হত্যার কোনো হুমকি দেওয়া হয়নি।’

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ‘সাংবাদিক ইমরান আলী থানায় জিডি করেছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com