শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আজ সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের (আইআইএমএম) প্রধান নিকোলাস কুমজিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী রোহিঙ্গাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং মিয়ানমারে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সোচ্চার ভূমিকা রাখার জন্য আইআইএমএমের প্রতি আহ্বান জানান।

বৈঠকে আইআইএমএম প্রধান জানান, ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৪ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। তারা আগে থেকে বাংলাদেশে অবস্থানরত ১০ লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। রাখাইনে সহিংসতা ও নিরাপত্তাহীনতা অব্যাহত থাকায় তারা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছে না।

তিনি বলেন, এ পরিস্থিতি মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহের সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার সম্পর্ক তুলে ধরে।

উল্লেখ্য, জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৩৯/২ নম্বর প্রস্তাবের মাধ্যমে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থা আইআইএমএম প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদও ৭৩/২৬৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে এর প্রতিষ্ঠাকে স্বাগত জানায়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com