শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ী করে ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন সকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রোহিঙ্গা ক্যাম্পের একটি খেলার মাঠে সমবেত শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেন তিনি।

বক্তব্যের শুরুতে আবেগঘন কণ্ঠে ড. খলিলুর রহমান বলেন, “গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন—‘রোহিঙ্গা’। আদালতের রায় স্পষ্ট: ২০১৭ সালে তোমাদের ওপর যা চালানো হয়েছিল, তা ছিল গণহত্যা।”

এ সময় বিচার দেখে যেতে না পারা নিহত রোহিঙ্গাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

এর আগে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে আশ্রয়শিবিরগুলোতে কাজ করার স্মৃতিচারণ করেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, “আমি নিউইয়র্ক থেকে তোমাদের নিয়ে কথা বলতে চাইনি। আমি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের কথা শোনার আহ্বান জানিয়েছ—আজ বিশ্ব তা শুনেছে।”

তিনি উল্লেখ করেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত। আদালত প্রমাণ পেয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং গ্রামগুলো ধ্বংস করেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দিয়েছেন আদালত।

এই ঐতিহাসিক অর্জনে আইনি লড়াই চালানো গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং আশ্রয়দাতা বাংলাদেশ সরকার, জনগণ ও উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সাহসিকতার সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতিও বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন।

রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় চার দফা আহ্বান জানান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

প্রথমত, জবাবদিহি ও বিচার নিশ্চিত করতে গণহত্যা সনদের অধীনে অপরাধে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা দিতে হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com