শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত ঘরের পেছনে দুধের কৌটায় মিলল ৫টি শক্তিশালী বোমা!

Icon প্রথম সমাচার ডেস্ক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের দুই দিন পর আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

গতকাল বুধবার (১১ নভেম্বর) রাত ৯টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল বুধবার রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল রায়পুরে পৌঁছে কৌটা দুটি পরীক্ষা করে। বিস্ফোরণের ঝুঁকি থাকায় সেগুলো নিষ্ক্রিয় করার আগপর্যন্ত ঘটনাস্থলে পুলিশি পাহারা অব্যাহত থাকে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে একটি পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা পাওয়া যায়। কৌটা দুটি খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান সংশ্লিষ্টরা। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, সম্প্রতি খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এর পরদিন ওই বাড়ির উঠানে দুধের কৌটা দুটি পাওয়া যায়।

স্থানীয় এক প্রতিবেশী জানান, প্রায় দুই মাস ধরে সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে বেড়া তৈরি করেছিলেন তারা। বাইরের লোকজনের প্রবেশ ঠেকাতে প্রবেশপথেও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন যোগাযোগ বা দেখা- সাক্ষাৎ ছিল না। বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও উঠানে পুঁতে রাখা কৌটায় বোমা পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটার ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাগুলো পাওয়া যায়। পরে সেগুলো নিষ্ক্রিয় করার জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়। আদালত অনুমতি দিলে বৃহস্পতিবার দুপুরে বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঁচটি বোমা নিষ্ক্রিয় করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com