প্রথম সমাচার ডেস্ক:
লালমনিরহাটে ট্রাক, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। অপর দিকে বিকেলে উপজেলার কালীগঞ্জের কাকিনায় আরেকটি দূর্টঘনায় মারা গেছে একজন।
রোববার (২২ নভেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং কুলাঘাট এলাকার মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রংপুর-বড়বাড়ী সড়কের ওই এলাকায় একটি ট্রাক, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। অপর দিকে উপজেলার কালীগঞ্জের কাকিনায় আরেকটি সড়ক দুর্ঘটনায় একজন মেডিকেল টেকনোলজিস্ট মারা গেছেন।ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সূত্র: মূল প্রতিবেদন
