শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

শিশুদের অর্থ ব্যবস্থাপনা শেখাবেন যেভাবে, চাইলেই কি টাকা দেবেন?

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শিশুদের ছোটবেলা থেকেই টাকা-পয়সার সঠিক ব্যবহার শেখানো জরুরি। টাকা হিসেব করে যেমন খরচ করা যেমন শেখাতে হবে, তেমনি সঞ্চয় করাও শেখাতে হবে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস একদিনে তৈরি হয় না। পরিবারের দৈনন্দিন জীবন আর বাবা-মায়ের আর্থিক আচরণ দেখেও শিশুরা টাকা কীভাবে খরচ করতে হবে তা সম্পর্কে ধারণা পেতে শুরু করে।

শিশুদের অর্থ ব্যবস্থাপনা শেখানো কতটা জরুরি তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়্যারপারসন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল এশিয়া পোস্টের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত যে, শিশুদের হাতে টাকা দেওয়া উচিত না। এই কথাটা আসলে যৌক্তিক না। একটা বয়সে গিয়ে বাচ্চাদের হাতেও টাকা দেওয়া উচিত।

তিনি বলেন, অনেক বাবা-মা আছেন, যারা শিশু কিছু চাইলেই টাকা দিয়ে দেন, নিজেকে কিনে নিতে বলেন। আবার কেউ মনে করেন, ছোটদের হাতে টাকা দেওয়া ঠিক না। কিন্তু শিশুর বয়স অনুযায়ী অর্থ ব্যবস্থাপনা শেখানো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

ড. ফাতেমা রেজিনা ইকবালের মতে, মোটামুটি ক্লাস সিক্স থেকে বাচ্চাদের হাতে টাকা দেওয়া উচিত। তবে অতিরিক্ত টাকা দেওয়া যাবে না। যে রকমটা প্রয়োজন, সেভাবেই হিসেব করে দিতে হবে। এই সময় থেকেই শিশুদের হাতে টাকা দিয়ে নিজের প্রয়োজনীয় ছোটখাটো জিনিস কেনার অভ্যাস করা যেতে পারে। তাদেরকে টিফিন খাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে পারেন। এতে তারা সঠিক হিসেব করা ও মিতব্যয়ী হওয়া শিখবে।

যুক্তরাষ্ট্রের Consumer Financial Protection Bureau (CFPB)-এর মতে, শিশুদের আর্থিক সক্ষমতা গড়ে ওঠার পেছনে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো হলো আত্মনিয়ন্ত্রণ ও পরিকল্পনার মতো মানসিক দক্ষতা, টাকা খরচের অভ্যাস এবং সে সম্পর্কে আর্থিক জ্ঞান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

শিশুকে বোঝাতে হবে, টাকা কোথা থেকে আসে আর কেন তা চিন্তা করে খরচ করা উচিত। বাবা-মা কষ্ট করে কাজ করে টাকা উপার্জন করেন। সেই টাকা দিয়ে খাবার, পোশাক, বাসাভাড়া, পড়াশোনাসহ বিভিন্ন প্রয়োজন মেটানো হয়। এই বিষয়টি সহজ ভাষায় বুঝিয়ে বলুন।

কেন কোনো জিনিস কেনা হচ্ছে, আবার কেন অন্য কোনো জিনিস কেনা হচ্ছে না, সেটিও শিশুকে বুঝতে দিতে হবে।

প্রয়োজন আর শখের মধ্যে পার্থক্য শেখান

শিশুরা অনেক সময় কোনো খেলনা, চকলেট বা নতুন পোশাক দেখলেই কিনতে চায়। কিন্তু সব চাহিদা পূরণ করা সম্ভব না, আবার সবকিছু কেনার প্রয়োজনও নেই।

তাই তাদের প্রয়োজন ও শখের পার্থক্য বোঝাতে হবে। যেমন, খাবার, প্রয়োজনীয় পোশাক ও স্কুলের সামগ্রী প্রয়োজনের মধ্যে পড়ে। অন্যদিকে নতুন খেলনা, অতিরিক্ত চকলেট বা পছন্দের কোনো গেম শখের বিষয় হতে পারে।

শিশুকে নির্দিষ্ট পরিমাণ হাতখরচ দেওয়া অর্থ ব্যবস্থাপনা শেখানোর অন্যতম একটি উপায়। তবে কত টাকা দেবেন, তা নির্ভর করবে শিশুর বয়স, পরিবারের আর্থিক সামর্থ্য ও তার প্রয়োজনের ওপর।

যুক্তরাজ্যের মানি হেল্পারের মতে, নিয়মিত পকেটমানি পেলে শিশুরা নিজের টাকা কীভাবে খরচ করবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া শিখতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাসিক হাতখরচ দেওয়া যেতে পারে।

তবে হাতখরচ দেওয়ার আগে ঠিক করে নিন, শিশুকে কত টাকা দেবেন, কত দিন পর দেবেন আর সেই টাকা দিয়ে কোন কোন খরচ করতে হবে।

শিশুর জন্য একটি মাটির ব্যাংক, মানিবক্স বা আলাদা খাম রাখতে পারেন। সেখানে খরচ ও জমানোর জন্য আলাদা ভাগ করে টাকা রাখতে শেখান।

ধরুন, শিশু হাতখরচ হিসেবে ১০০ টাকা পেল। তাকে বোঝাতে পারেন, এর একটি অংশ খরচ করবে আর অন্য অংশ জমিয়ে রাখবে।

এ ছাড়া শিশুর পছন্দের কোনো খেলনা বা বই কেনার বিষয়টি ঠিক করে দিতে পারেন। তাকে বুঝিয়ে বলুন, প্রতিদিন অল্প অল্প করে টাকা জমালে একসময় নিজেই নিজের পছন্দের জিনিসটি কিনতে পারবে।

বাজার বা সুপারশপে গেলে শিশুকে সঙ্গে রাখুন। বিভিন্ন পণ্যের দাম দেখান। একই ধরনের পণ্যের মধ্যে কোনটির দাম কম, কোনটি বেশি, তা বুঝিয়ে দিন। একটি নির্দিষ্ট বাজেট দিয়ে তাকে কয়েকটি দরকারি জিনিস কিনতে বলুন। এতে সে সীমিত টাকার মধ্যে সিদ্ধান্ত নেওয়া শিখতে পারবে।

ড. ফাতেমা রেজিনা ইকবাল বলেন, ঈদে বাচ্চারা সালামি পেলে, তাদের সেই টাকাটা জমাতে বলুন। পরে একসঙ্গে কোথাও খেতে গেলে আপনার টাকার সঙ্গে বাচ্চাদেরটাও যোগ করুন। এতে তারা সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করা শিখবে। পাশাপাশি পরিবারের জন্য খরচ করার মানসিকতাও তৈরি হবে।

শিশু যদি হাতখরচের পুরোটা অপ্রয়োজনীয় কিছু কিনে শেষ করে ফেলে, তাহলে তাকে বকাঝকা না করে বিষয়টি বুঝিয়ে বলুন। পরবর্তীতে টাকা পাওয়ার আগেই কীভাবে খরচের পরিকল্পনা করতে হয়, তা শেখান।

যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডেভ অ্যান্ডারসন বলেছেন, শিশুদের টাকা খরচের ক্ষেত্রে ভুল করার সুযোগ দেওয়া খুব জরুরি। ভুল থেকে শেখার জন্য তাদের ধৈর্য্য ধরে সময় দিতে হবে।

শিশুরা কোনো কিছু চাইলেই টাকা দিয়ে দেওয়া ঠিক না। এতে তারা প্রতিটি ইচ্ছা পূরণ হওয়ার প্রত্যাশা করতে পারে। আবার প্রতিবার টাকা না দেওয়াও ঠিক না। বরং কখন এবং কেন টাকা দেওয়া হচ্ছে, তা বোঝানো জরুরি।

শিশু টাকা চাইলে প্রথমে জানতে চান, সে কী কিনতে চায় আর কেন সেটি প্রয়োজন। যদি জিনিসটি সত্যিই প্রয়োজনীয় হয়, তাহলে পরিবারের সামর্থ্য অনুযায়ী টাকা দিতে পারেন। আর যদি সেটি শখের বিষয় হয়, তাহলে নিজের সঞ্চয় থেকে কেনার পরামর্শ দিতে পারেন।

উদাহরণস্বরূপ, শিশু যদি নতুন খেলনা কিনতে চায়, তাহলে সঙ্গে সঙ্গে টাকা না দিয়ে তাকে টাকা জমাতে উৎসাহিত করুন। এতে সে কাঙ্ক্ষিত জিনিসের জন্য অপেক্ষা করতে শিখবে। পাশাপাশি নিজের ইচ্ছা অনুযায়ী খরচের পরিকল্পনাও করতে শিখবে।

শিশুকে টাকা দেওয়ার ক্ষেত্রে নোটের পরিমাণের পাশাপাশি নোটের মূল্য বুঝতে পারছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। ছোট শিশুদের ক্ষেত্রে অল্প অঙ্কের টাকা দিয়ে শুরু করা যেতে পারে।

যেমন, ১০, ২০ বা ৫০ টাকার নোট দিয়ে টাকা গোনা, যোগ-বিয়োগ করা বা কেনাকাটার পর কত টাকা বাকি থাকছে, তা শেখানো যেতে পারে।

তবে বড় নোটের পরিবর্তে খুচরা নোট দিলে শিশুরা বেশি ভালোভাবে অর্থ ব্যবস্থাপনা শিখবে, এমন কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তাই নোটের ধরনকে বড় বিষয় না করে শিশুকে টাকার মূল্য ও সঠিক হিসেব শেখানোর ওপর গুরুত্ব দিন।

শিশুর বয়স ও বোঝার ক্ষমতা বাড়লে বড় অঙ্কের টাকা সামলানোর সুযোগও দিতে পারেন। তবে সেই টাকা কোথায় খরচ হচ্ছে, সে বিষয়ে প্রাথমিকভাবে বাবা-মাকে নজর রাখতে হবে।

শিশুদের টাকা দেওয়ার ক্ষেত্রে বাবা-মায়ের যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত-

শিশুকে শুধু টাকা দেওয়া না, সেই টাকা কোথায়, কীভাবে খরচ করতে হয়, তা শেখানোই বেশি গুরুত্বপূর্ণ।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com