বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনা ভারতের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শেখ হাসিনা ভারতের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে ভারতকেও এখন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি যে একটি সমস্যা, তা ভারতও উপলব্ধি করতে পারছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, নিজেদের ভূখণ্ডে একজন সন্ত্রাসীকে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও জটিলতা ভারত এখন বুঝতে পারছে। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, তিনি সেখানে বিশৃঙ্খল আচরণ করছেন, অসংলগ্ন কথা বলছেন এবং তাঁকে বের করাও সম্ভব হচ্ছে না, তখন তা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও ভারত এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, অপরাধীদের ক্ষেত্রে এক ধরনের নীতি এবং সাধারণ নাগরিকদের ক্ষেত্রে আরেক ধরনের নীতি অনুসরণ করা হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিভুক্ত। তাঁকে দেশে ফিরিয়ে আনার একমাত্র উপায় প্রত্যর্পণ। তিনি স্বেচ্ছায় দেশে ফিরবেন, এমনটি নয়; বরং ভারতকে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দুই হাজার মানুষ হত্যার অভিযোগ রয়েছে, অথচ তাঁর মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না। তাঁর ভাষায়, শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। তাঁকে আশ্রয় দিয়ে ভারতও এখন নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com