প্রথম সমাচার ডেস্ক:
সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেছে পুলিশ। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যুক্ত হয়ে উসকানি দিচ্ছেন বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় কয়েকটি স্থানে সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে বেলা সোয়া ১২টার দিকে তারা সড়ক ছেড়ে যান।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে আশুলিয়ার চারাবাগ এলাকায় কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। পরে তাঁরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। তবে সাভারের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন।
তিনি বলেন, হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, ডেলিকেট গার্মেন্টসের সামনে এবং ব্যাংকটাউন এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথভাবে প্রয়োজনীয় বল প্রয়োগ করে অবরোধ তুলে দেন। এতে কোথাও যানজটের সৃষ্টি হয়নি বলে দাবি করেন তিনি।
পদ্মার মোড় এলাকায় একটি পোশাক কারখানার সামনে বহিরাগত ও সাবেক শ্রমিকেরা জড়ো হয়ে কারখানার ফটক আটকে দিয়েছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে আশুলিয়ার কোথাও সংঘর্ষের ঘটনা নেই বলে দাবি তার।
শিল্প পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার সাভার ও আশুলিয়ায় শিল্প পুলিশের ৬০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়া এবং অন্যান্য কারণে আরও প্রায় ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।
তিনি বলেন, কোথাও শ্রমিকেরা সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিচ্ছে। এ সময় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের পক্ষ থেকে পুলিশ ও বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এতে কারখানার ফটকসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আহত ব্যক্তির সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
অন্যদিকে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। তার দাবি, শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা আন্দোলনে যুক্ত হয়ে উসকানি দিচ্ছেন। আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মনে করছে পুলিশ।

আ. লীগের নাশকতায় ‘দৃশ্যমান কিছু করব, সরকার তো সে সুযোগটা দিচ্ছে না: জামায়াত
লন্ডনে এনসিপি নেতা নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় হুইপ দুলুর তীব্র নিন্দা