২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, সন্তানের শিক্ষা জীবনে অভিভাবকরা নিয়মিত খোঁজখবর রাখলে তারা বিপথগামী হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে। সন্ধ্যার পর সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে এবং কলেজ ছুটির পর কোথায় যাচ্ছে। এসব বিষয়ে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় শিক্ষা নৈতিক মূল্যবোধ গঠনের অন্যতম ভিত্তি। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত হতে পারলেই একজন শিক্ষার্থী সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আর সুনাগরিকরাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে।
তিনি বলেন, নবীন ও তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন ও পরিবর্তনে তরুণদের ভূমিকা অগ্রগণ্য। তাই দেশ ও জাতির উন্নয়নে তরুণদের নীতি-নৈতিকতার পথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাদকের কুফল তুলে ধরে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণে অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছে। তাই শিক্ষার্থীদের মাদকসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুস্থ, সুন্দর ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে পরিবার, সমাজ, শিক্ষক-শিক্ষিকা এবং রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, ৮ জনের নামে মামলা