প্রথম সমাচার ডেস্ক:
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়টি আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। রাত থেকে বরগুনাসহ উপকূলীয় এলাকায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকার জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকা এবং আবহাওয়ার পরবর্তী নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পটুয়াখালীতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে আগুন
পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি, ফিরছেন ৭০ বিদ্রোহী প্রার্থীও
গাজীপুরে ৫০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে ছুটি ঘোষণা