সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Logo
×
হজযাত্রীদের আমানতের অর্থ ফেরত দিচ্ছে সরকার

সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪,৩৪১ হাজি পাচ্ছেন অব্যয়িত অর্থ ফেরত

প্রথম সমাচার ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে সৌদি আরব পর্বে অব্যয়িত থাকা মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য হজযাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থের একটি অংশ সৌদি আরবে বিভিন্ন খাতে ব্যয় করা হয়। প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর যে অর্থ অব্যয়িত রয়েছে, তা সংশ্লিষ্ট হজযাত্রীদের মধ্যে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, হজযাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থকে সরকার আমানত হিসেবে বিবেচনা করে তার যথাযথ হিসাব সংরক্ষণ করেছে। নির্ধারিত ব্যয় শেষে কোনো অর্থ অবশিষ্ট থাকলে তা সরকারি কোষাগারে জমা না রেখে সংশ্লিষ্ট হাজিদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হজযাত্রীদের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার মাধ্যমে সরকারের জবাবদিহিমূলক ব্যবস্থাপনা আরও সুস্পষ্ট হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...