প্রথম সমাচার ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে ঢাকার আদালতপাড়ায় উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁকে বহনকারী প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় আইনজীবী ও সাংবাদিকসহ অন্তত কয়েকজন মবের শিকার হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালত চত্বরে এসব ঘটনা ঘটে। সাঈদ খোকনের পক্ষে থাকা অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগকে মারধরের অভিযোগও উঠেছে।
আদালত সূত্রে জানা যায়, ধানমণ্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করে এসআরবি। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
সাঈদ খোকনকে আদালতে হাজির করা হবে—এ খবর ছড়িয়ে পড়ার পর দুপুর থেকেই আদালতপাড়ায় জড়ো হতে থাকেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাঁদের অনেকের হাতে ঝাড়ু দেখা যায়। এ সময় তাঁরা ‘লীগ ধর, জবাই কর’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। কোতোয়ালি থানা ছাত্রদলের নেতা দ্বীন ইসলামকে তাঁদের নেতৃত্ব দিতে দেখা যায়।
বিকেল সাড়ে ৫টার দিকে সাঈদ খোকনকে বহনকারী গাড়ি আদালত চত্বরে প্রবেশ করলে সেটি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে দ্রুত গাড়িটি সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করে।
প্রায় ২৫ মিনিট পর পুলিশের একটি প্রিজনভ্যানে করে তাঁকে হাজতখানা থেকে আদালতের বারান্দায় নেওয়া হয়। এ সময় প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও স্লোগান দেন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। সন্ধ্যা ৬টার দিকে তাঁকে এজলাসে তোলা হয়।
সাঈদ খোকনকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে দৈনিক আগামীর সময়-এর প্রতিবেদক মাসুদ রানাকে হেনস্তা করা হয়। ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ ও ‘আওয়ামী লীগের দালাল’ বলে আক্রমণাত্মক মন্তব্য করেন।
এ ছাড়া আদালতপাড়ায় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগসহ আরও কয়েকজন মবের শিকার হন। তাঁদের মধ্যে অন্তত চারজনকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১৬ দিনে এলো ২৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়
টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, উত্তপ্ত গোপালগঞ্জ
কৃষকদল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার