ঢাকার সাভার পৌরসভার মেডিকেল অফিসার কাজী আয়শা সিদ্দিকা বন্যাকে চাকরি থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি সাভার উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাজী আয়শা সিদ্দিকা বন্যা বাংলাদেশ যুব মহিলা লীগের সাভার পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি সরকারি চাকরিতে বহাল রয়েছেন বলে দাবি করেন তাঁরা।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তি সাভার উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান মুন্না বলেন, আয়শা সিদ্দিকা বন্যার বিরুদ্ধে ছাত্র হত্যার মামলা রয়েছে। এরপরও তিনি কীভাবে সরকারি চাকরিতে বহাল রয়েছেন, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, এ ধরনের ব্যক্তিরা বিভিন্ন সরকারি দপ্তরে অবস্থান করে বর্তমান সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছেন।
মেহেদী হাসান মুন্না অবিলম্বে কাজী আয়শা সিদ্দিকা বন্যাকে চাকরি থেকে অপসারণ করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন থেকে বক্তারা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেফতার
টঙ্গীর মাদ্রাসায় হামলার মামলায় রুমির আগাম জামিন আবেদন
গুলিস্তান থেকে সদরঘাট সড়ক হকারমুক্ত ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি