প্রথম সমাচার ডেস্ক:
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে সড়কের পাশে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে সাভারের বলিয়ারপুর ও আশুলিয়ার বেলতলা এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বলিয়ারপুর এলাকায় পার্কিং করে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে, একই রাতে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা আরেকটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন বলেন, রাতে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১২টার দিকে বলিয়ারপুর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্র: মূল প্রতিবেদন
