শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

সিরাজগঞ্জে গরু চুরির মামলায় ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ২ গরু

Icon প্রথম সমাচার ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া তিনটি গরুর মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় পাঁচ মাস পর গোয়েন্দা নজরদারি ও পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এসআরবি-১২-এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১১ নভেম্বর) সকাল ও বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার-সংলগ্ন একটি মসজিদের সামনে এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৯ জুন রাত ২টার দিকে তাড়াশে মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। পরে একটি মিনি ট্রাকে করে গরুগুলো নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় তায়বুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় একটি চুরির মামলা করেন।

এসআরবি-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে মামলার তদন্তে শনাক্ত হওয়া ছয়জনকে গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রামে আজাদ নামের এক ব্যক্তির বাড়ির উঠান থেকে এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকায় নুরন্নবী নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা গরুসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com