শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

Icon প্রথম সমাচার ডেস্ক

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যা দিয়ে এর প্রতিবাদ এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন এ দাবি জানান। বিবৃতিটি স্বাক্ষর করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।

বিবৃতিতে নেতারা দাবি করেন, গত ১৯ সেপ্টেম্বর ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সয়দাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর গুরুতর আহত হন বলে তারা উল্লেখ করেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।

জামায়াত নেতারা আরও অভিযোগ করেন, ওই মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে রাজনৈতিক উদ্দেশ্যে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা দাবি করেন, একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের এক নেতার ফেসবুক লাইভে পুলিশের উপস্থিতিতে ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হলেও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ কারণে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। একই সঙ্গে তারা মামলাটি প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com