শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন

Icon প্রথম সমাচার ডেস্ক

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শুরু। এরপর টেলিভিশন নাটক, দেশের চলচ্চিত্র পেরিয়ে কলকাতার সিনেমায় অভিনয়। গ্ল্যামারনির্ভর নায়িকা হওয়ার চেয়ে চরিত্রাভিনেত্রী হিসেবেই নিজের জায়গা তৈরি করেছিলেন জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের দক্ষতায় প্রশংসা পেয়েছেন দুই বাংলায়। পুরস্কারও এসেছে। একসময় অভিনয়ের পাশাপাশি সক্রিয় হন রাজনীতিতে। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। পরে সরকারি প্রতিষ্ঠানের পরিচালক পদেও নিয়োগ পান। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে যেতে থাকে তাঁর জীবন। বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার অভিযোগ, সরকারি চাকরি হারানো, অভিনয়ে কাজ না পাওয়া—একের পর এক ঘটনায় আলোচনায় আসেন। সবশেষে গ্রেপ্তার হলেন এই অভিনেত্রী।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল রাত আড়াইটার দিকে তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিয়াজ মেহেদী আরও জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মামলার বিস্তারিত তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ করেনি পুলিশ।

এর আগে গভীর রাতে পুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। পুলিশকে অনুরোধ করেন, তাঁর হাতে যেন হাতকড়া পরানো না হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয়ের জগতে

ময়মনসিংহের গৌরীপুরে বেড়ে ওঠা জ্যোতিকা জ্যোতি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ ছিল তাঁর। ২০০৪ সালে লাক্স–আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন।

সুন্দরী প্রতিযোগিতা থেকে এলেও প্রচলিত অর্থে গ্ল্যামারনির্ভর নায়িকা হয়ে ওঠার পথে হাঁটেননি জ্যোতি। বরং গল্পনির্ভর নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের প্রতি আগ্রহ দেখিয়েছেন। কোনো চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টাই ছিল তাঁর অভিনয়জীবনের অন্যতম বৈশিষ্ট্য।

শুরুতে টেলিভিশন নাটকে অভিনয় করলেও ধীরে ধীরে চলচ্চিত্রে নিজের পরিচিতি তৈরি করেন। ২০০৬ সালে মুক্তি পাওয়া কবরী পরিচালিত ‘আয়না’ ছিল তাঁর প্রথম চলচ্চিত্র। এরপর অভিনয় করেন বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ও ‘জীবনঢুলি’সহ বেশ কয়েকটি সিনেমায়।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের ক্ষেত্রে চরিত্রের গুরুত্বকে প্রাধান্য দেওয়ার কথা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন জ্যোতি। ফলে তাঁর অভিনীত কাজের তালিকায় বাণিজ্যিক ধারার চেয়ে বিকল্প ও গল্পপ্রধান চলচ্চিত্রের উপস্থিতিই বেশি।

জ্যোতিকা জ্যোতি। ফেসবুক থেকে

অভিনয়দক্ষতায় প্রশংসা, মিলেছে পুরস্কারও
জ্যোতিকা জ্যোতির অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজ মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটিতে অতসী চরিত্রে অভিনয় করেন তিনি। অতসী মূল চরিত্র অনিল বাগচীর বড় বোন। চরিত্রটি খুব বেশি সংলাপনির্ভর নয়। এর আবেগ, অপেক্ষা, বেদনা ও না-বলা কথাগুলো ফুটিয়ে তুলতে হয়েছে মুখের অভিব্যক্তি ও সংযত অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রে জ্যোতির অভিনয় প্রশংসিত হয়। বিভিন্ন চলচ্চিত্র সমালোচনায় অতসী চরিত্রে তাঁর অভিনয়ের বিশেষ প্রশংসা করা হয়। সমালোচকদের মূল্যায়ন ছিল, চরিত্রটির ভেতরে জমে থাকা আবেগ ও না-বলা কথাগুলো নিজের অভিনয়দক্ষতায় পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন জ্যোতি। এই সিনেমায় অভিনয়ের জন্য ২০১৫ সালের বাচসাস পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি।
পরবর্তী সময়ে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’তেও অভিনয় করেন জ্যোতি।

তাঁর অভিনয়ের একটি বৈশিষ্ট্য ছিল, চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে নেওয়ার চেষ্টা। সৌন্দর্য প্রতিযোগিতা থেকে উঠে এলেও অভিনয়জীবনে শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করেননি। কখনো সাধারণ নারী, কখনো সংগ্রামী চরিত্র, আবার কখনো জটিল মনস্তত্ত্বের মানুষের ভূমিকায় নিজেকে উপস্থাপন করেছেন। এই বৈচিত্র্যই তাঁকে সমসাময়িক অনেক অভিনয়শিল্পীর চেয়ে আলাদা পরিচিতি এনে দেয়।

কলকাতায় ‘রাজলক্ষ্মী’ হয়ে প্রশংসা
জ্যোতিকা জ্যোতির অভিনয়জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় কলকাতার চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। এই সিনেমায় রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেন জ্যোতি। তাঁর বিপরীতে শ্রীকান্ত চরিত্রে ছিলেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শরৎচন্দ্রের বহুল পরিচিত রাজলক্ষ্মী চরিত্রটিকে সমকালীন পটভূমিকে তুলে ধরা সহজ কাজ ছিল না। বিশেষ করে চরিত্রটির আবেগ, সামাজিক অবস্থান ও জীবনের নানা টানাপোড়েন পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ ছিল।

জ্যোতিকা জ্যোতি। ফেসবুক থেকে

২০১৯ সালে ‘আনন্দবাজার পত্রিকা’য় প্রকাশিত চলচ্চিত্র সমালোচনায়ও জ্যোতির অভিনয়ের ইতিবাচক মূল্যায়ন করা হয়। সেখানে ঋত্বিক চক্রবর্তীর মতো দক্ষ অভিনেতার বিপরীতে জ্যোতির অভিনয় এবং চরিত্রের আবেগের পরিবর্তন ফুটিয়ে তোলার প্রশংসা করা হয়। সমালোচনায় আরও উঠে আসে, প্রচলিত সৌন্দর্যের ধারণা থেকে বেরিয়ে রাজলক্ষ্মী চরিত্রটিকে নির্মাণ করেছেন পরিচালক। সেই চরিত্রের জন্য জ্যোতিকাকে যথাযথ নির্বাচন বলেও মন্তব্য করা হয়।

কলকাতার এই সিনেমা জ্যোতির অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অঙ্গনেও তাঁর পরিচিতি বাড়ে। বিশেষ করে অভিনয়দক্ষতাকে গুরুত্ব দেওয়া নির্মাতাদের ছবিতে কাজ করার সুযোগ তাঁর ক্যারিয়ারকে সমৃদ্ধ করে।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয়
অভিনয়ে পরিচিতি পাওয়ার পাশাপাশি একসময় রাজনীতিতেও সক্রিয় হয়ে ওঠেন জ্যোতিকা জ্যোতি। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শুধু দলীয় কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকেননি, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে দলটির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন। তবে কোনোবারই মনোনয়ন পাননি।

আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর উপস্থিতি ছিল। রাজনীতিতে সম্পৃক্ততার কারণে অভিনয়শিল্পীর পাশাপাশি আওয়ামী লীগপন্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত হয়ে ওঠেন তিনি।

জ্যোতিকা জ্যোতি। ফেসবুক থেকে

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্ক
২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থী কয়েকজন অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম ছিল ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ। শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব কথোপকথনে আন্দোলনকারী শিক্ষার্থী এবং তাঁদের সমর্থন জানানো অভিনয়শিল্পী ও নির্মাতাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের তথ্য সামনে আসে। গ্রুপটির সদস্যদের মধ্যে ছিলেন জ্যোতিকা জ্যোতিও।
প্রকাশিত একটি স্ক্রিনশটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকায় অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় জ্যোতিকে। গ্রুপের অন্য সদস্যদের কথোপকথনেও আন্দোলনকারীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য পাওয়া যায়।

একই গ্রুপের কথোপকথনে আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী নাজিফা তুষিসহ কয়েকজনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। এসব বিষয় প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট শিল্পীদের ভূমিকা নিয়ে বিনোদন অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

তবে জ্যোতিকা জ্যোতি সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন। তাঁর দাবি ছিল, ওই গ্রুপে থাকার উদ্দেশ্য দেশের কিংবা মানুষের ক্ষতি করা নয়। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন খবর ও তথ্য সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন।

শিল্পকলা একাডেমির চাকরি হারান
রাজনৈতিক বিতর্কের প্রভাব পড়ে জ্যোতিকা জ্যোতির পেশাগত জীবনেও। আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। এটি ছিল তাঁর প্রথম সরকারি চাকরি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিন কর্মস্থলে যাননি অভিনেত্রী। পরে ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন। তাঁদের অভিযোগ ছিল, ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থেকে জ্যোতি আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সেদিন একপর্যায়ে তাঁকে কর্মস্থল ছেড়ে যেতে হয়। পরে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল, দীর্ঘদিনের পরিচিত সহকর্মীরা সেদিন তাঁর সঙ্গে কথা বলতেও রাজি হননি। এমন পরিস্থিতিতে তিনি অত্যন্ত অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত বোধ করেছিলেন।

ওই বছরের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে। চাকরি হারানোর পর ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে জ্যোতি জানান, এর মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি চাকরির অবসান হলো। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও আক্ষেপ প্রকাশ করেন।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক

কাজ না পাওয়ার অভিযোগ, ফেসবুক লাইভে কান্না
সরকারি চাকরি হারানোর পর অভিনয়জীবনেও সংকটের মুখে পড়েছেন বলে অভিযোগ করে আসছিলেন জ্যোতিকা জ্যোতি। গত ৩ আগস্ট সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কথা তুলে ধরেন তিনি।
সেদিন অভিনেত্রী দাবি করেন, প্রায় দুই বছর ধরে নতুন কোনো অভিনয়ের কাজ পাচ্ছেন না। রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে পরিকল্পিতভাবে কাজ থেকে দূরে রাখা হচ্ছে। অনেক নির্মাতা ও প্রযোজক তাঁকে নিয়ে কাজ করতে ভয় পান বলেও অভিযোগ করেন তিনি।

দীর্ঘদিন কাজ না থাকায় আর্থিক সংকটে পড়ার কথাও জানান জ্যোতি। তাঁর ভাষ্য অনুযায়ী, কখনো কখনো মা-বাবার কাছ থেকেও আর্থিক সহায়তা নিতে হচ্ছে। বিষয়টি তাঁকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ ও হয়রানির অভিযোগও করেন এই অভিনেত্রী। তাঁর দাবি, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এসব পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার কথাও জানিয়েছিলেন।  নিজেকে অসহায় উল্লেখ করে তিনি আরও জানান, স্বাভাবিকভাবে বাঁচতে এবং অভিনয়ে ফিরতে চান। তবে দীর্ঘদিনের সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন।
সেই ঘটনার তিন মাসের কিছু বেশি সময় পর এবার গ্রেপ্তার হলেন জ্যোতিকা জ্যোতি।
সবশেষে গ্রেপ্তার
২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ঘিরে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের কয়েকজনের ভূমিকা নিয়ে জমা দেওয়া অভিযোগেও জ্যোতিকা জ্যোতির নাম এসেছে। চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮ জনের বিরুদ্ধে একটি সংগঠনের জমা দেওয়া অভিযোগে তাঁর নাম ছিল। তবে অভিযোগের বিচারিক নিষ্পত্তি কিংবা তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। সবশেষে বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com