ইতালিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা এবং হেনস্তার ঘটনায় মামলা দায়ের করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে এই হামলার শিকার হন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে তার ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।
বাঁধন বলেন, আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটা নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে। আজকে আমাদের অ্যাম্বাসেডর (ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) ফোন করেছেন। তার অফিস থেকে লোক আসছে। তাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে।
তিনি আরও বলেন, যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেকজনকে আইডেন্টিফাই করেছি।
বাঁধন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি, আমি একজন গর্বিত বাংলাদেশি।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে তার ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেছেন, আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।
ওই ঘটনার পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানও জানিয়েছেন, অভিনেত্রী বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় ভেনিস প্রশাসন নড়েচড়ে বসেছে বলেছে জানিয়েছে ইতালির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’।
প্রতিবেদনে জানানো হয়, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওরিয়ন্তি’ বিভাগে নির্বাচিত, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে ভেনিসে অবস্থান করছেন অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা তিনি শারীরিক হামলা ও মানসিক লাঞ্ছনার শিকার হন। ঘটনার সময় হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে অভিহিত করে গালাগাল করে।
‘ইল গাজ্জেত্তিনো’ আরও জানায়, বাঁধনের ওপর এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে ভেনিস পুলিশ। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা তাদের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে শারীরিক লাঞ্ছনা ও হামলার কথা জানান বাঁধন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের দিকে এ হামলার অভিযোগ তুলেন তিনি।
