শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×
বাজেট ২৬-২৭

হার্টের রিং ও ডায়ালাইসিসে ভ্যাট প্রত্যাহার, কমবে রোগীর চিকিৎসা ব্যয়

প্রথম সমাচার ডেস্ক ১১ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবায় বড় স্বস্তির বার্তা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি হার্টের রিং বা স্টেন্ট, চোখের ইন্ট্রাওকুলার লেন্স, ডায়ালাইসিস ফিল্টার এবং ক্যান্সারের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে ভ্যাট ও কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে হার্টের স্টেন্ট ও চোখের ইন্ট্রাওকুলার লেন্স সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

এর ফলে প্রতিটি হার্টের রিং বা স্টেন্টের মূল্য প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের দাম প্রায় পাঁচ হাজার টাকা হ্রাস পাবে বলে জানানো হয়েছে।

কিডনি রোগীদের জন্যও এবারের বাজেটে বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, এই সিদ্ধান্তের ফলে প্রতিবার ডায়ালাইসিস সেবায় রোগীর ব্যয় প্রায় আটশো টাকা পর্যন্ত কমে আসবে, যা নিয়মিত ডায়ালাইসিসনির্ভর পরিবারগুলোর জন্য বছরে উল্লেখযোগ্য সাশ্রয় বয়ে আনবে।

ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রেও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহৃত নতুন নয়টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এতে দেশীয় ওষুধ শিল্পে উৎপাদন ব্যয় কমবে এবং ক্যান্সার রোগীরা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, এটি গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহৎ। আগামী ৩০ জুন বাজেটটি পাস হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্যখাতে ভ্যাট ও কর ছাড়ের এই সিদ্ধান্ত হৃদরোগ, কিডনি রোগ ও ক্যান্সারে আক্রান্ত লাখো পরিবারের জন্য বড় আর্থিক স্বস্তি বয়ে আনবে। চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপে জর্জরিত মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির কাছে এটি একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...