প্রথম সমাচার ডেস্ক:
দ্বিতীয় দিনটা দক্ষিণ আফ্রিকার দাপটেই কাটছিল। বাংলাদেশের বোলারদের প্রায় ৪০ ওভার অপেক্ষায় রেখে দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়েন জোবায়ের হামজা ও মার্কস অ্যাকারম্যান। দুজনের ব্যাটেই বড় সংগ্রহের পথে এগোচ্ছিল স্বাগতিকেরা। তবে শেষ বিকেলে মুমিনুল হক ও হাসান মাহমুদের কল্যাণে কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ।
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১১৩ রানে পিছিয়ে প্রোটিয়ারা। হাতে রয়েছে ৬ উইকেট।
দিনের শুরুতেই অবশ্য বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছিলেন হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে ফিরেছেন মার্করাম। ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার ৫ রানের উদ্বোধনী জুটি।
এরপর বাংলাদেশের জন্য অপেক্ষা করেছে দীর্ঘ উইকেটখরা। পঞ্চম ওভারে জোবায়ের হামজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন হাসান। জোরালো আবেদনে সাড়া না দিয়ে আম্পায়ার নো বলের সংকেত দেন। পরে দেখা যায়, বলটি নিশ্চিতভাবেই লেগ স্টাম্পে আঘাত করত। নো বলের কারণে বেঁচে যান হামজা।
এরপর অ্যাকারম্যানকে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন হামজা। দুজন মিলে গড়ে তোলেন ২০২ রানের বিশাল জুটি। এর মধ্যে ১২৫ বলে ১৪টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন অ্যাকারম্যান। অন্য প্রান্তে সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন হামজা।
এই সময়ের মধ্যে অবশ্য একটি দুর্ঘটনার মুখেও পড়েন হাসান। ১৬তম ওভারে ফিরতি বলে ফিল্ডিং করতে গিয়ে বল হাতে ফসকে কপালে আঘাত পান তিনি। মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ওভার শেষ করেন। পরে কিছু সময়ের জন্য মাঠ ছাড়লেও আবার ফিরে আসেন।
দীর্ঘ সময় উইকেট না পেয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিংয়ে পরিবর্তন আনেন। বল তুলে দেন মুমিনুল হকের হাতে। শেষ পর্যন্ত এই পার্টটাইম বোলারই ভাঙেন ২০২ রানের জুটি। মুমিনুলের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে ৮৩ রানে ফেরেন হামজা।
এরপর দৃশ্যপটে হাসান মাহমুদ। সেঞ্চুরি তুলে নেওয়া অ্যাকারম্যান দ্রুত রান বাড়াতে গিয়ে তাঁকেই আক্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু হাসানকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দেন এই ওপেনার। ১৬৪ বলে ২১ চার ও এক ছক্কায় ১৫৭ রান করে ফেরেন তিনি।

গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ফিলিস্তিনির লাশ, গণকবরে দাফন
সরকারি ক্রয় প্রক্রিয়ায় নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে বিল পাস
শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর