শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব: সিএনএন’র বিশ্লেষণ

Icon প্রথম সমাচার ডেস্ক

এক দশকেরও বেশি সময়ের মধ্যে নিজেদের ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়েছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১৩ জন নিহত হওয়ার পর এখন রিয়াদ কীভাবে এর জবাব দেবে, তা নিয়ে চলছে আলোচনা।

একইসঙ্গে সম্ভাব্য সেই জবাবের কৌশল কী হবে তা নিয়েও রয়েছে কঠিন সমীকরণ। একদিকে ইয়েমেনে বড় ধরনের স্থল অভিযান চালালে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়তে থাকায় সৌদি আরব আন্তর্জাতিক সমর্থন চাইছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগ দেবে কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, গত সপ্তাহে ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তা করতে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। তবে এখন পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রেখেছে হুতি বিদ্রোহীরা।

বরং সৌদি আরবের বিরুদ্ধে হামলা আরও জোরদার করেছে তারা। এরই ধারাবাহিকতায় গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত ১৩ জন নিহত হন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরান যে কৌশল অনুসরণ করছে, হুতিরাও অনেকটা সেই পথেই এগোচ্ছে। তারা আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি বিশ্ব অর্থনীতির ওপরও চাপ তৈরির ঘোষণা দিয়েছে তারা।হুতিদের সঙ্গে সৌদি আরবের বিরোধ দীর্ঘদিনের। গোষ্ঠীটির বিরুদ্ধে রিয়াদের এক দশকব্যাপী যুদ্ধ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হুতিদের হামলা আরও জোরদার হওয়াকে ওয়াশিংটনের সঙ্গে ইরানের সংঘাতেরই একটি সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে।

সামরিক অভিযান ও আলোচনার মাধ্যমে ১১ বছর ধরে হুতিদের অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করেছে সৌদি আরব। কিন্তু এখন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার ভাই প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমানের সামনে অপশন খুবই সীমিত। সীমান্তের ওপারে হুতিরা আরও শক্তিশালী হয়েছে। বড় বড় শহরের নিয়ন্ত্রণ সুসংহত করার পাশাপাশি ঘনবসতিপূর্ণ তাইজের মতো শহর দখলেরও চেষ্টা করছে তারা।

সৌদি রাজনীতি নিয়ে লেখক ও বিশ্লেষক আলি শিহাবি সিএনএনকে বলেন, ‘এই হুমকি চূড়ান্তভাবে মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে অনেক কিছু নির্ভর করবে ইয়েমেনের সরকারি বাহিনী রণক্ষেত্রে কতটা ভালো লড়াই করতে পারে, তার ওপর। সৌদি আরব আকাশপথে তাদের ব্যাপক সহায়তা দিচ্ছে।’

এখন পর্যন্ত হুতিবিরোধী লড়াইয়ে ইয়েমেনি জোটকে আকাশপথে সহায়তা দেয়ার মধ্যেই নিজেদের ভূমিকা সীমিত রেখেছে সৌদি আরব। স্থলযুদ্ধে নিজেদের বিপুলসংখ্যক সেনা পাঠানো থেকে বিরত রয়েছে দেশটি। তবে শনিবার রিয়াদে হামলার পর এই সংযম বজায় থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।তবে ইয়েমেনে বিপুলসংখ্যক সেনা পাঠালে দুর্গম ভূখণ্ডে দীর্ঘ ও ব্যয়বহুল স্থলযুদ্ধে জড়িয়ে পড়তে পারে সৌদি আরব। এতে স্থিতিশীল, বিনিয়োগবান্ধব রাষ্ট্র ও বৈশ্বিক পর্যটনকেন্দ্র হিসেবে সৌদি আরবকে গড়ে তোলার যে ভাবমূর্তি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তৈরি করছেন, তা ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com