শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

৫২ দিনেও হলো না ছাত্রদলের কমিটি

Icon প্রথম সমাচার ডেস্ক

এদিকে গত ১৩ আগস্ট দিবাগত রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রদলের বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন ছাত্রদলের বিদায়ী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

সাক্ষাৎকালে তারেক রহমান ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়া এবং নতুন কমিটি গঠনের বিষয়ে নেতাদের অবহিত করেন। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বর্তমান কমিটি থেকে বিদায় নেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তারেক রহমান বিদায়ী নেতৃত্ব ভবিষ্যতে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবে বলেও আশ্বস্ত করেন। একইসঙ্গে নিয়মতান্ত্রিকভাবে নতুন নেতৃত্ব বের করে আনার ওপর গুরুত্ব দেন। নেতৃত্বের জট তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রদল সভাপতি ও সম্পাদক বিদায়ী বার্তা দেওয়ার পর থেকেই নয়াপল্টন ও গুলশানকেন্দ্রিক রাজনৈতিক অঙ্গনে গত পদপ্রত্যাশীদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। কেউ নিজের সাংগঠনিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরছেন, কেউ আবার জেলা-মহানগর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাদের সমর্থন নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন।

আন্দোলন ও মাঠ রাজনীতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় ৭ মাস আগে।

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যে কোনো কমিটি গঠনের ক্ষেত্রে সংগঠনে জন্য যাদের অবদান রয়েছে তাদের মূল্যায়ন করা হয়। ছাত্রদলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। অতীতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, মেধাবী, শিক্ষার্থীবান্ধব, পরিশ্রমী ও সৎ তাদেরকেই বেছে নেয়া হবে। দল যখন প্রয়োজন মনে করবে তখনই কমিটি ঘোষিত হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com