প্রথম সমাচার ডেস্ক:
এক সময় কার্তিক মাসের অভাবে গ্রামের মানুষকে একবেলা ভালো খাওয়ানোর ইচ্ছা থেকে শুরু হয়েছিল এক মেজবানের আয়োজন। সেই আয়োজনে অতিথি ছিলেন ৬০-৭০ জন। ছয় দশক পর সেই আয়োজনেই বসেছেন প্রায় ১০ হাজার মানুষ। বয়োবৃদ্ধ নুরুদ্দীন খানের এই মেজবান এখন শুধু ভোজ নয়, হয়ে উঠেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির উৎসব।
বড় বড় ডেকচিতে ফুটছে গরুর মাংস। কোথাও ডাল নেড়ে দিচ্ছেন কয়েকজন, কোথাও চলছে ভাত নামানোর ব্যস্ততা। একদল তরুণ খাবার পরিবেশনের জন্য থালা সাজাচ্ছেন, আরেক দল অতিথিদের বসার জায়গা দেখিয়ে দিচ্ছেন। মাঠের এক প্রান্তে খাবার শেষ করে কেউ হাত ধুচ্ছেন, অন্য প্রান্তে নতুন অতিথিদের বসানো হচ্ছে। মানুষের আসা-যাওয়া, হাঁকডাক আর স্বেচ্ছাসেবকদের ব্যস্ততায় পুরো মাঠ যেন এক বিশাল পরিবারের উঠোন।
এই ব্যস্ততার কেন্দ্রে রয়েছে ৮৫ বছরের নুরুদ্দীন খান। কার্তিক মাসের অভাব-অনটনের সময়ে প্রতিবেশী ও স্বজনদের অন্তত একবেলা ভালো খাবার খাওয়ানোর উদ্দেশ্য থেকে প্রায় ৬০ বছর আগে ছোট পরিসরে এই আয়োজনের সূচনা হয়েছিল। বর্তমানে ‘নুরুদ্দীন খান ওয়েলফেয়ার’-এর তত্ত্বাবধানে প্রতি বছরিএ সময় বিশাল পরিসরে এই মেজবান অনুষ্ঠিত হয়। তার ডাকে এবার একসঙ্গে খাবার খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। কেউ এসেছেন কয়েক কিলোমিটার দূর থেকে, কেউ আত্মীয়তার টানে, আবার কেউ এসেছেন দীর্ঘদিনের পরিচিত এই মেজবানের স্বাদ নিতে।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মেজবান। ত্রিশাল ছাড়াও ফুলবাড়ীয়া, ভালুকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এতে অংশ নেন। ধর্ম-বর্ণ, বয়স কিংবা পেশার পরিচয় ছাপিয়ে সেদিন সবাই মেজবানের অতিথি।
এই আয়োজনের শুরুটা ১৯৬৬ সাল থেকে। তখন নুরুদ্দীন খানের বয়স ২৫ বছর। পাকিস্তান আমলে কৃষি উন্নয়ন করপোরেশনে থানা ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন তিনি। কার্তিক মাসে গ্রামের মানুষের অভাব-অনটন তাকে ভাবিয়ে তুলত। ফসল ঘরে তোলার আগের সময়টাতে অনেক পরিবারকে খাবারের কষ্টে দিন কাটাতে হতো। তাদের অন্তত একবেলা ভালো খাবার খাওয়ানোর চিন্তা থেকেই শুরু করেন এই উদ্যোগ।
প্রথম আয়োজনে অতিথি ছিলেন মাত্র ৬০ থেকে ৭০ জন। রান্না হয়েছিল দুই-তিন মণ চাল ও ডাল। তখন হয়তো কেউ কল্পনাও করেননি, একদিন এই আয়োজনেই হাজারো মানুষের সমাগম হবে। কিন্তু নুরুদ্দীন খানের কাছে মানুষের সংখ্যা বড় ছিল না, বড় ছিল মানুষকে খাওয়ানোর আনন্দ। সময়ের সঙ্গে সেই আয়োজনের পরিধি বেড়েছে। বেড়েছে অতিথি, খাবারের পরিমাণ এবং ব্যয়ের অঙ্ক। তবে বদলায়নি উদ্দেশ্য। এবার ৯ হাজার মানুষকে দাওয়াত দিয়েছিলেন নুরুদ্দীন খান। কিন্তু দাওয়াতের সংখ্যা ছাড়িয়ে উপস্থিতি দাঁড়ায় প্রায় ১০ হাজারে।
এবারের মেজবানে রান্না হয়েছে ১ হাজার ৩২৪ কেজি গরুর মাংস। ৭০০টি লাউ দিয়ে তৈরি করা হয়েছে প্রায় ১ হাজার ৩০০ কেজি মাষকলাইয়ের ডাল। ভাতের জন্য ব্যবহার করা হয়েছে ৩৬ মণ চাল। রান্নার জন্য তৈরি করা হয়েছিল ১৬টি চুলা। সব মিলিয়ে আনুমানিক ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে।
এত মানুষের খাবারের ব্যবস্থা করতে প্রস্তুতি শুরু হয় শুক্রবার সন্ধ্যা থেকেই। গ্রামের তরুণেরা ভাগ করে নেন বিভিন্ন দায়িত্ব। কেউ মাংস কাটেন, কেউ ডাল রান্নার তদারকি করেন, কেউ চুলার আগুন সামলান। আবার কেউ অতিথিদের বসার জায়গা তৈরি করেন। শনিবার বেলা ১১টা থেকে শুরু হয় খাবার পরিবেশন। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রতি দফায় প্রায় ১ হাজার ২০০ মানুষকে খাবার দেওয়া হয়। আট দফায় খাবার পরিবেশনের পরও অতিথিদের আসা অব্যাহত ছিল।
আয়োজনের তদারকির দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন খান জানান, দুই দিন ধরে গ্রামের তরুণেরা সম্মিলিতভাবে কাজ করেছেন। বাইরের লোকের ওপর নির্ভর না করে গ্রামের ছেলেরাই রান্না থেকে শুরু করে পরিবেশন ও অতিথি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন। প্রায় ২০০ থেকে ৩০০ তরুণ ও স্বেচ্ছাসেবকের শ্রমে এত বড় আয়োজন সম্ভব হয়েছে।
এই আয়োজনের অন্যতম আকর্ষণ শুধু খাবার নয়, এর পেছনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও। স্থানীয় যুবক শান্ত জানান, প্রতিবার প্রায় ১ হাজার ২০০ মানুষকে খাবার দেওয়া হয়েছে। আট দফা পরিবেশনের পরও মানুষ আসতে থাকেন। স্থানীয় তরুণেরা আনন্দ নিয়েই দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় বাসিন্দাদের কাছে এই মেজবান এখন এক ধরনের সামাজিক উৎসব। বছরের অন্য সময় যে আত্মীয় বা পরিচিতজনের সঙ্গে দেখা হয় না, এই আয়োজনকে কেন্দ্র করে তাঁদের অনেকেরই দেখা হয়ে যায়। গ্রামের মানুষও দিনটিকে ঘিরে আগে থেকেই প্রস্তুতি নিতে থাকেন।
ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের মধ্যবয়সী বাসিন্দা উসমান মিয়া বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই এই মেজবান দেখে আসছি। আগে আয়োজন ছোট ছিল, এখন হাজার হাজার মানুষ আসে। কিন্তু সবচেয়ে ভালো লাগে, গ্রামের সবাই মিলে কাজ করে। এখানে কেউ অতিথি, কেউ আয়োজক আবার সবাই যেন একই পরিবারের মানুষ।’
খাবার খেতে আসা আবুল হাসেম নামের একজন অতিথি বলেন, ‘এত বড় আয়োজনে আগে কখনো আসিনি। খাবার ভালো লাগার পাশাপাশি মানুষের আন্তরিকতা মুগ্ধ করেছে। এত মানুষকে একসঙ্গে বসিয়ে খাওয়ানো সহজ কাজ নয়। এখানে এসে মনে হয়েছে, মানুষ এখনো মানুষের জন্য অনেক কিছু করতে পারে।’
অতিথিদের মধ্যে ছিলেন দরিরামপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ। তিনি বলেন, প্রতিবছরই এই আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজক পরিবারের সদস্য নাইমুল হক খান তার সরাসরি ছাত্র। সাবেক শিক্ষার্থী ও এলাকার মানুষের এমন উদ্যোগ দেখে তিনি আনন্দিত। তার মতে, এত মানুষের অংশগ্রহণ এলাকায় আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি করে।
ত্রিশাল থেকে আসা স্মৃতি আক্তারও প্রতিবছর এই মেজবানে অংশ নেন। তিনি জানান, আয়োজক পরিবারের আত্মীয় হওয়ায় অনুষ্ঠানটি তার কাছে বিশেষ আনন্দের। আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে দেখা হওয়া এবং এত মানুষের সঙ্গে একসঙ্গে খাবার খাওয়ার অভিজ্ঞতা তার ভালো লাগে।
মেজবানের এই বিশাল আয়োজনের পেছনে রয়েছে একটি পরিবারের দীর্ঘদিনের সহযোগিতা। নুরুদ্দীন খানের চার ছেলে প্রত্যেকেই ব্যবসার সঙ্গে যুক্ত। বাবার শুরু করা ঐতিহ্য ধরে রাখতে তারা প্রতিবছর একসঙ্গে কাজ করেন। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের তরুণেরাও দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন। ফলে এটি এখন আর একজন মানুষের ব্যক্তিগত উদ্যোগে সীমাবদ্ধ নেই; হয়ে উঠেছে গোটা এলাকার সম্মিলিত আয়োজন।
নুরুদ্দীন খান জানান, এলাকার হতদরিদ্র মানুষ, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানান। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসেন। সবাইকে একবেলা তৃপ্তি করে খাওয়ানো এবং মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি ধরে রাখাই তার মূল লক্ষ্য। যত দিন বেঁচে থাকবেন, তত দিন এই আয়োজন চালিয়ে যেতে চান তিনি।
স্থানীয় সামাজিক সংগঠন ‘সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের’ সভাপতি ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, এক সময় কার্তিকের অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল, তা আজ হাজারো মানুষের আনন্দের উপলক্ষ। ৬০ থেকে ৭০ জনের ছোট্ট আয়োজন এখন ১০ হাজার মানুষের মিলনমেলা। এই দীর্ঘ পথচলায় নুরুদ্দীন খান হয়তো অনেক কিছুই বদলাতে দেখেছেন। কিন্তু মানুষের জন্য তার দরজা খোলা রাখার ইচ্ছাটি বদলায়নি। নুরুদ্দীন ভালো মনের অধিকারী মনে করা যায়।
ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি এএইচএম খালেকুজ্জামান বলেন, মেজবানের মাঠে সেদিন খাবার শেষ হয়েছে, অতিথিরা ফিরেছেন নিজ নিজ গন্তব্যে। চুলার আগুনও একসময় নিভেছে। কিন্তু যে ভালোবাসা, সহযোগিতা আর সম্প্রীতির বন্ধনে এত মানুষ একত্র হয়েছিলেন, তা নিভে যাওয়ার নয়। ছয় দশক ধরে নুরুদ্দীন খানের মেজবান তাই শুধু খাবারের আয়োজন হয়ে থাকেনি হয়ে উঠেছে মানুষের পাশে দাঁড়ানোর এক জীবন্ত ঐতিহ্য।
সূত্র: মূল প্রতিবেদন
