পরপর চার দফা দরপতনের পর দেশের স্বর্ণের বাজারে হঠাৎ বড় উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্যতালিকা ঘোষণা করে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম সাড়ে ছয় হাজার টাকার বেশি বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করেছে।
গত শনিবার সকালে সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন দর কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হালনাগাদ মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকায় বেঁধে দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ জুন বাজুস সর্বশেষ দর সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করেছিল। তারও আগে ২ জুন থেকে শুরু হওয়া ধারাবাহিক মূল্যহ্রাসে একাধিক দফায় মোট প্রায় ১৫ হাজার টাকার বেশি দাম কমানো হয়েছিল।
বাজুস জানিয়েছে, নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই মূল্যই বলবৎ থাকবে।
তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার আরোপিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি পৃথকভাবে যোগ হবে। গহনার নকশা ও গুণগত মানের ভিন্নতায় মজুরির পরিমাণ উপরে-নিচে হতে পারে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
