গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদা দাবির অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি এগ্রোভেট কারখানায় গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, দাবি পূরণ না হওয়ায় তারা কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেন।
এ ঘটনায় কারখানার মালিক বাদী হয়ে মামলা দায়ের করলে একই রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
ওসি মাহবুব রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
