বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Logo
×

চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার, পরে দলের পদ থেকেও বহিষ্কার

Icon প্রথম সমাচার ডেস্ক

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার যুবদল নেতা রবিউল হাসান সোহাগকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করেছে জামালপুর জেলা যুবদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সদস্য ও সহদপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা মেহেদী হাসান ইলি।

এর আগে রোববার রবিউল হাসান সোহাগকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় জামালপুর জেলা যুবদল।

বহিষ্কৃত রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা এলাকার আলতাফ আলী মেম্বারের ছেলে। তিনি রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্যসচিব সোহেল রানা খান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি বহিষ্কৃত রবিউল হাসান সোহাগের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য ও সহদপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা মেহেদী হাসান ইলি বলেন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্যসচিব সোহেল রানা খানের সঙ্গে পরামর্শ করে রবিউল হাসান সোহাগকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবদলের সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার সুযোগ নেই। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্ম বা অপরাধের দায় দল নেবে না। যুবদলে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ঠাঁই নেই।

এদিকে শনিবার রাতে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে এলাকায় একটি চোরচক্র পরিচালনার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবির ওসি মো. শাহিনুর রহমান তালুকদার বলেন, সোহাগকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল রোববার আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com